শিরোনাম
Passenger Voice | ০৩:৪১ পিএম, ২০২৩-০৫-১০
নগরের পতেঙ্গায় লরি থেকে রিকশার ওপর কন্টেইনার ছিটকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, চলন্ত লরি থেকে পাশ দিয়ে যাওয়া রিকশার ওপর কনটেইনার ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। রিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। ক্রেন এনে কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারকাজে ছুটে আসেন নৌ-বাহিনী, বিমান বাহিনী ও পুলিশের সদস্যরা। দুর্ঘটনার পর বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, শিপ ইয়ার্ড থেকে লরিটি কন্টেইনার নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি বড় কন্টেইনার রিকশার ওপর পড়ে গেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যায়। তাদের মধ্যে একজন রিকশা চালক ও অপরজন আরোহী। গুরুতর আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লরি জব্দ করে এর চালককে আটক করা হয়েছে।
সিএমপির বন্দর জোনের সহকারি কমিশনার শাকিলা সোলতানা বলেন, পতেঙ্গা থানার সামনে দিয়ে কনটেইনারবাহী লরি কাটগড়ের দিকে যাচ্ছিল। নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে লরি থেকে কনটেইনারটি ছিটকে একটি রিকশার ওপর চাপা পড়ে। লরিতে কনটেইনার লোহার শেকল দিয়ে বাঁধা থাকে। ধারণা করছি, এটি ভালোভাবে আটকানো ছিল না। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত