শিরোনাম
Passenger Voice | ০২:০৪ পিএম, ২০২৩-০৫-০৮
গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন কিশোর নিহত হয়েছে। রোববার রাত ১২টার পর ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছুটফা গ্রামের শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৬) ও ডাবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহমান সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক বলেন, ছুটফা গ্রামের হাসান সরদার ট্রলি চালক। তার ট্রলির যন্ত্রপাতি কেনার জন্য রোববার রাতে ওই তিন কিশোর ছুটফা গ্রাম থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরে যায়। ট্রলির যন্ত্রপাতি কিনে মোটরসাইকেলে করে তারা গ্রামে ফিরছিল। মোটরসাইকেলটি সোনাশুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই জামি শেখ নিহত হয়।
আহত হাসান সরদার ও তাজিম শেখকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে সোমবার ভোরে ওই দুই কিশোরের মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, মরদেহ তিনটি নিহতদের গ্রামের বাড়িতে রয়েছে। বিষয়টি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ টেক কেয়ার করবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত