শিরোনাম
Passenger Voice | ০১:২৪ পিএম, ২০২৩-০৫-০৩
যশোর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে বাসু কর্মকার (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় ২০ জন।
বুধবার (৩ মে) সকালে উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসু কর্মকার ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।
পুলিশ ও বাসের যাত্রীরা জানায়, বুধবার সকালে যাত্রীভর্তি বাসটি যশোর থেকে ছেড়ে দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঁক নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের একজন যাত্রী নিহত এবং প্রায় ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি আহত যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত