এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ হারালো ৪ জন

Passenger Voice    |    ১০:১৫ এএম, ২০২৩-০৪-২০


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ হারালো ৪ জন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ষোলঘর কবরস্থান এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান রিভেন বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আমরা নিহত দুইজন এবং আহত ১৬ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পাঠিয়েছি। হাসপাতালে আরও ২ জন মারা গেছে বলে জেনেছি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ষোলঘর কবরস্থান এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

প্যা/ভ/ম