শিরোনাম
Passenger Voice | ০২:৫২ পিএম, ২০২৩-০৪-১৪
ঈদের আগে সরকারি ছুটির মধ্যে ১৯, ২০ ও ২১ এপ্রিল শিল্প এলাকার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ঢাকা মহানগরীর পাশাপাশি আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখতে বলা হয়েছে। তবে খোলা রাখলেও ব্যাংকের শাখাগুলোর সময়সীমা কমিয়ে আনা হয়েছে। ছুটির দিনে শিল্প এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দিয়ে গতকালই কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ১৯ ও ২০ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। তবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর ২১ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
এতে আরো বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রফতানি বিল বিক্রয় এবং এ শিল্পের শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এসব শাখা খোলা রাখতে হবে। সরকারি ছুটির দিন সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট শাখার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ১৯, ২০ ও ২১ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেয়া যাবে না। ঈদের পর ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত