৩৭ জেলায় বইছে তাপপ্রবাহ

Passenger Voice    |    ১২:৩৯ পিএম, ২০২৩-০৪-০৯


৩৭ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের বিভিন্ন বিভাগসহ ৩৭টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া যশোর, রাজশাহী, ফরিদপুরে ৩৮.০, কুমারখালীতে ৩৭.৮, ঈশ্বরদীতে ৩৭.৬, ঢাকা ও ভোলায় ৩৭.৪, খেপুপাড়ায় ৩৭.২, সন্দ্বীপে ৩৭.১, পটুয়াখালীতে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ইদন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের মোট ২৬টি জেলা এবং রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলাসহ মোট ৩৭টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।