শিরোনাম
Passenger Voice | ০৩:১৬ পিএম, ২০২৩-০৩-২৮
শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ (২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা করে নগদ ও ৫ শতাংশ বোনাস বা ২টি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, জানুয়ারি থেকে ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানির কর পরবর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯ পয়সা। সেখান থেকে শেয়ার প্রতি নগদ ২ টাকা ৫০ পয়সা করে (মোট ২১ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৩৮৭ টাকা) লভ্যাংশ দেবে শেয়ারহোল্ডারদের। ৫ শতাংশ বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির পেইড-আপ বা মূলধন বাড়াবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে জমা হবে।
আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৬ টাকা ৯৩ পয়সা। ওই বছর শেয়ার প্রতি ৩৫ শতাংশ (২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস) লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানিটির মুনাফা কমেছে। আর মুনাফা কমায় শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ করে লভ্যাংশও কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩১ মে। ওইদিন কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটা। সেজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮৮ পয়সা। যা আগের হিসাব বছর শেষে ছিল ৪৪ টাকা ২৩ পয়সায়।
কোম্পানিটি ২০২০ সালের জন্যও শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ (২০ নগদ ও ১০ শতাংশ বোনাস) লভ্যাংশ দিয়েছিল। তার আগে ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ও ২০১৮ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।
২০০১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমানে শেয়ার সংখ্যা ৮ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৫৫৫টি। কোম্পানির শেয়ারের দাম বাড়া-কমার বিষয়ে আজ কোনো লিমিট থাকবে না। দিনের শুরুতে শেয়ারটির বাজার মূল্য ছিল ৭১ টাকা ৫০ পয়সা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত