শিরোনাম
Passenger Voice | ০২:৩৬ পিএম, ২০২৩-০৩-২৩
ময়মনসিংহের গৌরীপুরে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে সিধলা ইউনিয়নের চরপাড়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে অটোরিকশা চালক হুমায়ুন কবির (২০) ও বেলতলী মধ্যপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজারে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে সিএনজিচালক হুমায়ুন, রুবেলসহ পাঁচজন সিএনজিযোগে শ্যামগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের চরপাড়া মাদ্রাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান। গুরুতর আহত অবস্থায় রুবেলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
ওসি আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত