শিরোনাম
Passenger Voice | ০১:১৫ পিএম, ২০২৩-০৩-২০
ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর এলাকার ফ্লাইওভারে এক বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে চুরমার হয়ে গেছে। রোববার (১৯ মার্চ) রাত সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসারা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকামুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস সমসপুর ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী গ্রীন লাইন পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ের ওপর উঠে যায়। গ্রীন লাইন পরিবহনের বাসটি রেলিং ধাক্কা লেগে ঘুরে মাওয়ামুখী হয়ে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সেপেক্টর মাহফুজুর রহমান রিবেন বলেন, ঢাকামুখী লেনে গ্রীন লাইনের একটি বাসকে পেছন থেকে নড়াইল এক্সপ্রেসওয়ের একটি বাস ধাক্কা দিলে গ্রীন লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা লেগে ঘুরে বিপরীতমুখী হয়ে যায়। তিনি আরও বলেন, রেলিং না থাকলে বাসটি খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারতো। মনে হয় চাকা পাংচারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জাকির মোল্লা বলেন, ঢাকামুখী লেনে গ্রীন লাইন এক্সপ্রেসকে নড়াইল এক্সপ্রেস পেছন দিক থেকে ধাক্কা দেওয়ায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত