সিরাজগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

Passenger Voice    |    ০২:৩৫ পিএম, ২০২৩-০৩-১৭


সিরাজগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের বেলকুচিতে গাছের সঙ্গে লেগে সোহান (১৯) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই আরোহী।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বেলকুচি-বানিয়াগাঁতি আঞ্চলিক সড়কের বানিয়াগাঁতি নতুনপাড়া কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান একই উপজেলার বওড়া পশ্চিমপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। 

আহতরা হলেন- একই গ্রামের দেলবার হোসেনের ছেলে সুজন (১৯) ও আল আমিনের ছেলে আকাশ (১৯)।  

বেলকুচি থানার এসআই মো. সালাউদ্দিন জানান, তিন আরোহী নিয়ে বাইকটি বেপরোয়া গতিতে যাওয়ার পথে বানিয়াগাঁতি কবরস্থান এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাইকটির রাস্তার নিচের একটি বাগানে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। এ সময় অপর দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাদের ঢাকায় নিয়ে গেছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।