শিরোনাম
Passenger Voice | ১১:২৩ এএম, ২০২৩-০৩-১৩
রাজশাহী থেকে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। এর আগে রোববার (১২ মার্চ) সন্ধ্যা পৌনে আটটা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১২টা ২০ মিনিটের পর থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী রেলস্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এখন পর্যায়ক্রমে আটকে পড়া ট্রেনগুলো রাজশাহী থেকে চলাচল শুরু করবে।
এর আগে সন্ধ্যা পৌনে আটটার দিকে চারুকলার অনুষদের সামনে বিভিন্ন গাছের ডালপালা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় শিক্ষার্থীরা। ফলে রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকে পড়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। এছাড়া মহানন্দা, মধুমতি, সাগরদাড়ী ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এই ট্রেনগুলো রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে হরিয়ান, আড়ানী নন্দনগাছী স্টেশনে থেমে ছিল।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী জাবেদ আক্তার মোবাইল ফোনে বলেন, রাত ৯টা থেকে স্টেশনের প্ল্যাটফর্মে বসে থেকে সময় কাটিয়েছি। ট্রেন ছেড়েছে ১২টা ৪০ মিনিটে।
শনিবার (১১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। এরমধ্যে কয়েক দফায় ৯৬ জনকে রামেক হাসপাতালে ভর্তি হয়। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত