ট্রাকে মিলল ৫০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Passenger Voice    |    ০১:৪৩ পিএম, ২০২৩-০৩-০৭


ট্রাকে মিলল ৫০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নাটোরে ট্রাকে করে মাদক বহনের সময় ট্রাকচালক রফিকুল হাওলাদার (২৪) ও তার সহযোগী মো. ইয়াছিন কবির নিরবকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ওই ট্রাকসহ ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আজ মঙ্গলবার ভোর রাতে বড় হরিশপুর বাইপাস সড়কের রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় যানবাহনে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

ট্রাকচালক রফিকুল পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত রজ্জব আলী হালদারের ছেলে। আর তার সহযোগী ইয়াছিন কবির নিরব যশোরের চৌগাছা উপজেলার কান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ  হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাত সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড় হরিশপুর বাইপাস সড়কের রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় যানবাহনে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি সময় ট্রাকের পিছনে বডিতে প্ল্যাটফর্মের ওপর গার্মেন্টস ঝুটের ভেতরে অভিনব কায়দায় লুকানো দুই বস্তা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব গাঁজার বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ সময়  ট্রাক চালক রফিকুল হাওলাদার (২৪) ও সহযোগী ইয়াছিন কবির নিরবকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকতা আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্যা/ভ/ম