শিরোনাম
Passenger Voice | ১১:৪৯ এএম, ২০২৩-০৩-০১
ঢাকায় চলাচলকারী আরো ১৩ কোম্পানির ৯৪৭টি বাসে ই-টিকিট পদ্ধতি চালু হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে তৃতীয় ধাপে আজই চালু হচ্ছে এ পদ্ধতি। তবে ভাড়া নিয়ে অনিয়ম পুরোপুরি দূর করতে আরো সময় লাগবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। গতকাল সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা ও আশপাশের এলাকায় ৯৭টি কোম্পানির অধীনে ৫ হাজার ৬৫০টি বাস চলাচল করে। এসব বাসে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় রোধসহ সড়কে নানা অনিয়ম বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনায়েত উল্যাহ বলেন, ই-টিকিটিং পদ্ধতি কার্যকর করা অনেক কঠিন। এটি বাস্তবায়ন করার জন্য সমিতির পক্ষ থেকে আমরা অনেক দল রাস্তায় নামিয়েছি। অনিয়ম বন্ধে নয় জন স্পেশাল চেকার নিয়োগ দিয়েছি। আরো ১০ জন নিয়োগ হবে। তবে ভাড়া নিয়ে অনিয়ম দূর করতে আরো সময় লাগবে।
যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিতসহ সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তাই প্রথমে ভাড়া নিশ্চিত করে তারপর সড়ক পরিবহন মালিক সমিতির অন্য পরিকল্পনা আছে বলে জানান তিনি। চালক ও সহকারীরা বেতনে কাজ না করে চুক্তিতে কাজ করায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের বিষয়ে এনায়েত উল্যাহ বলেন, ‘বেতনেও আছে, চুক্তিতেও আছে। আমরা চুক্তিটা বন্ধ করতে চাচ্ছি। ই-টিকিটিং পুরোপুরি চালু হলে চুক্তিতে চালানো বন্ধ হয়ে যাবে। আমরা চাই যাত্রীরাও যেন টিকিট ছাড়া ভাড়া না দেন।’
যেসব গাড়িতে এখনো ই-টিকিট চালু হয়নি সে সম্পর্কে বলেন, আমরা প্রথম ধাপে ৩০টি কোম্পানির এক হাজার ৬৪৩টি বাসে, দ্বিতীয় ধাপে ১৬টি কোম্পানির ৭১৭টি বাসে ই-টিকিট চালু করেছি। এরই মধ্যে ৪৬টি কোম্পানির ৭০ থেকে ৭৭ শতাংশ বাসে ই-টিকিট কার্যকর হয়েছে। বাকি বাসেও কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নয়টি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া সমিতির নিয়োগ করা নয় জন স্পেশাল চেকার প্রতিদিন সড়কে মনিটরিং করছেন। যেসব বাস এখনো নিয়মের মধ্যে আসেনি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
অনেক যাত্রী অভিযোগ করছেন, ই-টিকিটে দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ নেই। তিনি জানান, কিলোমিটার উল্লেখ করে ভাড়ার তালিকা তৈরি করতে আমরা এরই মধ্যে বিআরটিএকে অনুরোধ করেছি। বিআরটিএ ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা ৪৬টি পরিবহনের স্টপেজের দূরত্ব মাপার কাজ শেষ করেছে। এখন দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ করে ভাড়ার তালিকা তৈরির কাজ চলছে। আশা করি, এক সপ্তাহের মধ্যে ভাড়ার তালিকা পাব।
রাজধানীর সব বাসকে এক ছাতার নিচে আনতে বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ঢাকা নগর পরিবহনের বাস নামানো হয়েছে। তবে পরিবহন মালিক-শ্রমিক নেতারা নগর পরিবহনের বাসে বাধা দেয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা ঢাকা নগর পরিবহনের সঙ্গে প্রতিযোগিতা নয়, তাদের সহযোগিতা করতে চাই।’
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত