শিরোনাম
News Desk | ০৭:৩৪ পিএম, ২০২০-০৪-২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন।
শুক্রবার সকালে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে রাজাপুর গ্রামে শাহাব উদ্দিনের ২০ ডিং জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
এ সময় সেতুমন্ত্রীর ভাই শাহাদাত হোসেনের সঙ্গে ধান কাটায় অংশগ্রহণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ফরহাদ, ১নং সিরাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল, সহ-সভাপতি ইকবাল প্রমুখ।
অসহায় দরিদ্র কৃষক শাহাব উদ্দিন বলেন, করোনাভাইরাসের কারণে মাঠে ধান পাকলেও সেই ধান কাটার কোনো ব্যবস্থা করতে পারছিলাম না। এমন সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা আমাদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
সেতুমন্ত্রীর ভাই শাহাদাত হোসেন বলেন, ক্ষেতে ধান পেকে গেলেও শ্রমিক ও টাকার অভাবে তা ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। এ জন্য অসহায় কৃষকদের পাশে আমি থাকব এবং তাদের যে কোনো সহায়তা প্রয়োজন হলে তখনই তা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত