নওগাঁয় বাস-ভ্যানের সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

Passenger Voice    |    ০৩:২৪ পিএম, ২০২৩-০২-২৫


নওগাঁয় বাস-ভ্যানের সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নওগাঁর পত্মীতলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আমিনাবাদ গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে ভ্যান চালক মিজানুর রহমান (৪৫), পাহাড়কাটা গ্রামের রাসেল হোসেনের স্ত্রী শানজিদা খাতুন (২৬) ও শানজিদা খাতুনের মা শরিফা খাতুন (৪৫)। এ সময় শিশুসহ তিনজন আহত হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ব্যাটারি চালিত ভ্যানযোগে নিজ বাড়ি পাহাড়কাটা গ্রামে যাচ্ছিলেন শানজিদা খাতুনের পরিবারের চার সদস্যসহ মোট পাঁচ যাত্রী। ভ্যান আমবাটি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন ভ্যান চালকসহ যাত্রীরা। পরে স্থানীয়রা তাদের পত্মীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শানজিদা খাতুনকে মৃত ঘোষণা করেন। অন্যদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ২টায় চিকিৎসাধীন শরিফা খাতুন এবং আজ সকালে মিজানুরের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় নিহতের খবরটি নিশ্চিত করেছেন পত্মীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব। তিনি বলেন, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

প্যা/ভ/ম