রফতানিমুখী শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৪৯ ব্যাংকের চুক্তি

Passenger Voice    |    ০৫:৩৯ পিএম, ২০২৩-০১-৩১


রফতানিমুখী শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৪৯ ব্যাংকের চুক্তি

দেশের রফতানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে ১০ হাজার কোটি টাকার রফতানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) গঠন করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। এই তহবিল থেকে আর্থিক সহায়তা পেতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ৪৯টি তফসিলি ব্যাংক।

গতকাল সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে চুক্তি সই করেছেন বাংলাদেশ ব্যাংকের ডিসিপি পরিচালক মাকসুদা বেগম এবং তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

অনুষ্ঠানে গভর্নর বলেন, করোনা-পরবর্তী অর্থনৈতিক অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ অবস্থা বিরাজ করছে। এতে দেশের রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরও বেশি অভিঘাত সহনশীল করা ও এ খাতের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এর জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১০ হাজার কোটি টাকার রফতানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সরকারের অন্তর্ভুক্তিমূলক আর্থসামাজিক উন্নয়ন কৌশলের সঙ্গে মিল রেখে চলতি অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের বিচক্ষণ মুদ্রানীতি ঘোষণা করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষক, নারী উদ্যোক্তা, কুটিরশিল্পসহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তা এবং রফিতানিকারক ও ব্যবসায়ীদের জন্য বেশ কয়েকটি প্রণোদনা ঋণ প্যাকেজ বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ব্যাংকগুলোকে নীতি সহায়তা প্রদান, আর্থিক অন্তর্ভুক্তির আওতায় অধিক সংখ্যক মানুষকে জাতীয় উৎপাদনের সঙ্গে সম্পৃক্তকরণ এবং সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে বাংলাদেশ ব্যাংক নিরন্তর কাজ করে চলেছে।

নতুনভাবে গঠিত ১০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলটিও দেশের রফতানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন গভর্নর। তিনি বলেন, ইএফপিএফ-এর অর্থায়ন কার্যক্রম শিগগিরই শুরু হবে। মাত্র ৪ শতাংশ সুদে এ তহবিল থেকে কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন রফতানিকারকদের দেশি মুদ্রায় ঋণ নেয়ার সুযোগ থাকবে, যার মেয়াদ হবে ১৮০ দিন। আর ব্যাংক পর্যায়ে সুদহার হবে ১ দশমিক ৫ শতাংশ।

আব্দুর রউফ আরও জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আপাতত আর কোনো ফান্ড গঠন করা হবে না। এ ছাড়া ইডিএফ ফান্ড থেকে দেয়া অর্থ সমন্বয় করে এর আকার ধীরে ধীরে কমানো হবে। তবে ইতোমধ্যে ইডিএফ-এ ১ বিলিয়ন ডলার সমন্বয় হয়েছে।

এদিকে নতুন এ তহবিলের বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ বিস্তারিত তুলে ধরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। এ ছাড়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন তহবিলটি যথাযথভাবে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম, ইএফপিএফআইএম ইউনিটের পরিচালক মোহাম্মদ ইব্রাহীম ভূঁইয়াসহ অন্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্যা/ভ/ম