গাড়ির দাম কমালো টেসলা

Passenger Voice    |    ১১:৩৩ এএম, ২০২৩-০১-১৪


গাড়ির দাম কমালো টেসলা

সদ্যসমাপ্ত বছরে রেকর্ড ১৩ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে টেসলা। তবে প্রধান নির্বাহী ইলোন মাস্কের লক্ষ্যমাত্রা অনুযায়ী সংস্থাটি গাড়ি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় মূল্যছাড়ের আগ্রাসী নীতি গ্রহণ করছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। চীনসহ এশিয়ার বাজারের পর এবার সংস্থাটি যুক্তরাষ্ট্র ও জার্মানিতে গাড়ির দাম কমিয়েছে।

রয়টার্সের হিসাব অনুসারে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় টেসলা তাদের ওয়েবসাইটে গাড়ির দাম কমানোর ঘোষণা দেয়। সংস্থাটির সবচেয়ে বেশি বিক্রীত মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির দাম ৬ থেকে ২০ শতাংশ কমানো হয়েছে। অন্যদিকে জার্মানিতে মডেল থ্রি সেডান ও মডেল ওয়াই ক্রসওভারের দাম কমিয়েছে সংস্থাটি। সংস্করণের ওপর ভিত্তি করে দেশটিতে গাড়িগুলোর দাম প্রায় ১ থেকে ১৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে টেসলার ক্রেতারা সবচেয়ে বেশি ছাড় পাবেন। কারণ ফেডারেল ট্যাক্স ক্রেডিটের আওতায় সরকার ৭ হাজার ৫০০ ডলার ভর্তুকি দিচ্ছে। সুতরাং লং-রেঞ্জ মডেল ওয়াইয়ের জন্য একজন মার্কিন ক্রেতা সরকারি ভর্তুকি ও সর্বশেষ মূল্যছাড় মিলিয়ে ৩১ শতাংশ ছাড় পাবেন।

সংস্থাটির সর্বশেষ পদক্ষেপ গত বছরের কৌশলের সম্পূর্ণ বিপরীত। কারণ গত বছর সংস্থাটি উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কথা বলে প্রধান বাজারগুলোয় একাধিকবার গাড়ির দাম বাড়িয়েছে। সে সময় বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদাও শক্তিশালী ছিল। এর আগে গত সপ্তাহে চীন ও অন্যান্য এশীয় বাজারে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছিল টেসলা। এর আগেও বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে মডেল থ্রি ও মডেল ওয়াইয়ের দাম কমিয়েছে সংস্থাটি। অক্টোবরে ঘোষিত পূর্ববর্তী মূল্যহ্রাস ও প্রণোদনার পাশাপাশি সাম্প্রতিক দাম কমানোর পদক্ষেপের কারণে বর্তমানে চীনে মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির দাম সেপ্টেম্বরের তুলনায় ১৩ থেকে ২৪ শতাংশ কম। টেসলা দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও দাম কমিয়েছে।

বিশ্লেষকরা বলেছিলেন, চীনে মূল্যহ্রাস টেসলার চাহিদা এবং প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে। বিশেষ করে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা বিওয়াইডির সঙ্গে মূল্যযুদ্ধ শুরু করছে মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটি। টেসলার প্রধান বাজার হলো যুক্তরাষ্ট্র এবং চীন সংস্থাটির দ্বিতীয় বৃহত্তম বাজার।

গত মাসে টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক বলেছিলেন, ক্রমবর্ধমান সুদের হার এবং গাড়ির বাজারে মন্দার পূর্বাভাসের মধ্যে চাহিদা শক্তিশালী রাখতে টেসলা দাম কমাতে পারে। এতে অবশ্য মুনাফা কমে যাবে।

গত বছর রেকর্ড ১৩ লাখ ইউনিট গাড়ি সরবরাহ করেছে টেসলা। এ সংখ্যা ২০২১ সালের ৯ লাখ ৩৬ হাজার ইউনিটের পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তবে সংস্থাটি ইলোন মাস্কের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি। তিনি বার্ষিক ৫০ শতাংশ হারে গাড়ি সরবরাহ বাড়ার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। এ লক্ষ্যে পৌঁছতে গত বছর টেসলাকে ১৪ লাখ ইউনিট গাড়ি সরবরাহ করতে হতো। সেখানে টেসলার গাড়ি সরবরাহ বেড়েছে ৪০ শতাংশ। এ অবস্থায় গাড়ি বিক্রি বাড়াতে মূল্যছাড়ের মতো আগ্রাসী নীতি গ্রহণ করছে প্রতিষ্ঠানটি।


প্যা/ভ/ম