শিরোনাম
Passenger Voice | ০৫:৩৭ পিএম, ২০২৩-০১-১০
আপাতত জনপ্রতি টিসিবির পণ্যের পরিমাণ বাড়ানো হচ্ছে না। প্রতি মাসে একবার করে সারাদেশের এক কোটি পরিবারকে ডাল, তেল ও চিনি দেওয়া হবে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ২৮ নং ওয়ার্ডে ২০২৩ সালের টিসিবির পণ্য বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান।
টিপু মুনশি বলেন, গত এক বছরে এক কোটি মানুষকে টিসিবির পণ্য বিতরণে প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা সরকারের ভর্তুকি দিতে হয়েছে। ৪২০ টাকা প্যাকেজের পণ্য দেওয়া হয়। চাইলেই পণ্যের পরিমাণ বাড়িয়ে দেয়া সম্ভব হয় না। বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আপাতত পণ্যের পরিমাণ বাড়ানো হচ্ছে না।
মন্ত্রী বলেন, ‘কিছু পরিবারে দুই থেকে তিনটি ফ্যামিলি কার্ড করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ সব কার্ড ডিজিটালাইজ করা হচ্ছে। সেটি হলে আর এক পরিবারে একাধিক কার্ড থাকবে না। আপাতত প্রতি মাসে একবার টিসিবির তেল, চিনি ও ডাল তুলে দেওয়া হবে। এ কার্যক্রম আপাতত নিয়মিত অব্যাহত থাকবে। গরিব মানুষের যাতে কষ্ট না হয় সেটি বিবেচনা করে এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
টিসিবি থেকে দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি মিলিয়ে প্যাকেজ তৈরি করা হয়েছে। প্রতিটি প্যাকেজের মূল্য ৪২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত