টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী: তাকে দেখতে রাস্তায় একদল শিশু

Passenger Voice    |    ০১:২৫ পিএম, ২০২৩-০১-০৬


টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী: তাকে দেখতে রাস্তায় একদল শিশু

দুদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌঁছান তিনি। এর আগে সকাল ৮টার দিকে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

পৌষের কনকনে শীতের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে আছে ১০-১২ বছর বয়সী একদল শিশু। এরা সবাই ৪৬ নম্বর সিঙ্গীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এদের মধ্যে আছে নূর হোসেন, হামিদ, আবদুল্লাহ ও সজীব; সঙ্গে এসেছেন নূর হোসেনের দাদা সালাম ফকির (৭২)।

পাঠ্যপুস্তকে ছবি ও টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও দেখার পর আগেও যতবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় এসেছেন, শিশু এ দলটি প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য এভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ নিয়ে তিনবার দাঁড়িয়েছে তারা।

প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখতে পেরেছিল কি না, জিজ্ঞেস করলে নূর হোসেন বলে, একবার এক ঝলক সে প্রধানমন্ত্রীকে দেখতে পেরেছিল। গাড়ি দ্রুত চলে যাওয়ার পরও আবছাভাবে প্রধানমন্ত্রীকে দেখতে পেয়েছে।

বাস্তবে এক ঝলক দেখতে পেয়ে নূর হোসেনের অনুভূতি জানতে চাইলে সে বলে, ‘প্রধানমন্ত্রীকে আমার খুব ভালো লাগে। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। শুনেছি, তিনিই নাকি বছরের প্রথম দিনে আমাদের হাতে নতুন বই দিতে বলেছেন। এ জন্য তাকে আমার খুব পছন্দ।’


প্যা/ভ/ম