মামলা ছাড়াই ৫ লাখ টাকার খেলাপি ঋণ অবলোপনের সুযোগ

Passenger Voice    |    ১১:০৮ এএম, ২০২৩-০১-০৬


মামলা ছাড়াই ৫ লাখ টাকার খেলাপি ঋণ অবলোপনের সুযোগ

মামলা ছাড়াই কৃষি ও সিএমএসএমই খাতের ৫ লাখ টাকা পর্যন্ত খেলাপি ঋণ অবলোপনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এত দিন সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত মামলা ছাড়া অবলোপনের সুযোগ ছিল। খেলাপি ঋণের পাশাপাশি অর্থ ঋণ আদালতে মামলা জট কমাতে এ নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ব্যাংকের কোনো ঋণ স্বাভাবিক পন্থায় আদায় অযোগ্য হলে তবেই সেটি অবলোপন করা হয়। ঋণের বিপরীতে শতভাগ সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করে ব্যাংকের ব্যালান্সশিট থেকে কোনো ঋণের তথ্য বাদ দেয়াকে অবলোপন বলা হয়।

ঋণ অবলোপন-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের আগের নীতিমালায় পরিবর্তন এনে জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি এবং কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পসহ ক্ষুদ্র অংকের ঋণের মামলার খরচ প্রায়ই ঋণের স্থিতির চেয়ে বেশি হয়। এ কারণে অর্থ ঋণ আদালত আইন ২০০৩-এর আওতায় অত্যাবশ্যকীয়ভাবে মামলাযোগ্য না হলে ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষুদ্র অংকের ঋণ অবলোপন করার আবশ্যকতা দেখা দিলে সেক্ষেত্রে আদালতে মামলা দায়ের ব্যতিরেকে অবলোপন করা যাবে। ইসলামী শরিয়াহিভত্তিক ব্যাংকগুলোও তাদের বিনিয়োগের ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


প্যা/ভ/ম