আজ ১২টার পরেও চলবে মেট্রোরেল

Passenger Voice    |    ১১:৩৬ এএম, ২০২৩-০১-০১


আজ ১২টার পরেও চলবে মেট্রোরেল

আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো বেশ কিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে যায়। এ কারণে দুর্ঘটনা রোধে মেট্রোরেলের চলাচল স্থগিত রাখে কর্তৃপক্ষ।

রবিবার (১ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে ফানুস সরিয়ে সবধরনের পরীক্ষা-নিরীক্ষার পর আবার মেট্রোরেলের চলাচল শুরু হয়।

এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘শুধু মানুষের অসচেতনতার কারণেই এ ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা মেট্রোরেল এবং মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অধিকতর গুরুত্ব দিয়ে ফানুস এবং তারের বিষয়গুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, আজ যেহেতু দু'ঘণ্টা মেট্রো চলাচল করেনি, যাত্রীদের চাপ থাকলে যে চার ঘণ্টা সময়সীমা রয়েছে সে অনুযায়ী ১২টার পরও মেট্রো চলাচল করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সকালে একটি খালি ট্রেন উত্তরা থেকে আগারগাঁও নিয়ে যাওয়া হয়। এসময় মিরপুর এলাকার বৈদ্যুতিক লাইনে বেশ কিছু ফানুস আটকে থাকতে দেখা যায়। পরে ট্রেনটি সেখানে থামিয়ে রাখা হয়। পরে বৈদ্যুতিক লাইন অফ করে ফানুস অপসারণের কাজ করা হয়। 


প্যা/ভ/ম