নাস্তা করতে মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে উত্তরায় যাচ্ছেন তারা

Passenger Voice    |    ১২:১৮ পিএম, ২০২২-১২-৩১


নাস্তা করতে মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে উত্তরায় যাচ্ছেন তারা

‘আজ সাপ্তাহিক ছুটির দিন। এই সুযোগে মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নিতে এবং একই সঙ্গে উত্তরায় নাস্তা করার জন্য যাচ্ছি’— বলছিলেন মেট্রোরেলের যাত্রী রেহানা। শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর গ্রিনরোড থেকে আসা এই নারী তার পরিবারের সদস্যদের নিয়ে আগারগাঁও রেলস্টেশন থেকে উত্তরা যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, ‘স্বপ্নের মেট্রোরেল চালু হয়েছে। সেই কারণেই পরিবারের সবাইকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছি। স্টেশনে ঢোকার জন্য বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কেটে এখন যাচ্ছি। অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না, অনেক ভালো লাগছে।’

মেট্রোরেলে চলার জন্য এখনও উৎসাহী মানুষের সংখ্যাই বেশি। মেট্রোরেলে চড়ে অভিজ্ঞতা নেওয়ার জন্য ওয়ারী থেকে হাসান জুবায়ের এসেছেন। এ সময় তিনি বলেন, ‘আমার বাসা ওয়ারী। যখন পুরোদমে শুরু হবে তখন বাসার সামনে থেকেই মেট্রোরেলে উঠতে পারবো। সেই অপেক্ষায় আছি। তার আগেই একটু দেখতে এসেছি, কেমন লাগে।’ 

কথা হয় সৈকত নামের আরেক যাত্রীর সঙ্গে। তিনি যাচ্ছিলেন বন্ধুদের সঙ্গে। মজা করেই বললেন, ‘মিরপুর শীত বেশি নাকি উত্তরায় শীত বেশি দেখে আসি। বন্ধুরা সবাই আছি, ভালই লাগছে।’

এদিকে, আজ শনিবার ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন। পরিবারের সদস্যদের নিয়ে বছরের শেষ দিন অনেকে বের হয়েছেন। আর সেই বের হওয়ার কারণে মেট্রোরেলের ভ্রমণের অভিজ্ঞতা নেওয়ার জন্য অনেকেই ভিড় করছেন আগারগাঁও মেট্রো স্টেশন এবং উত্তরা মেট্রো স্টেশনে। আজও সকাল থেকে প্লাটফর্মে ঢোকার জন্য লাইন ছিল চোখে পড়ার মতো।

প্যা/ভ/ম