শিরোনাম
Passenger Voice | ০১:০৩ পিএম, ২০২২-১২-২৬
সাংহাইয়ের কারখানায় গাড়ি উৎপাদন স্থগিত করেছে টেসলা। গত শনিবার সকালের শিফট বাতিল করে এক সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি। একটি অভ্যন্তরীণ নোটিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। শনিবার সংস্থাটি কর্মীদের উদ্দেশে একটি নোটিসে জানিয়েছে, তারা বিরতি শুরু করতে পারে। যদিও নোটিসে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে চলতি মাসের শুরুতে সংস্থাটি ডিসেম্বরের শেষ সপ্তাহে সাংহাইয়ের কারখানা বন্ধ রাখার পরিকল্পনা করেছিল। ইভি জায়ান্টটি ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কারখানাটিতে মডেল ওয়াই উৎপাদন স্থগিতের চিন্তা করেছিল। কিন্তু কারখানাটির পুরো উৎপাদন কার্যক্রমই স্থগিত করা হয়েছে।
চীন ৭ ডিসেম্বর হঠাৎ করে জিরো কভিড নীতি থেকে সরে আসার ঘোষণা দেয়। এরপর থেকে দেশটিতে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে দেশটির একমাত্র কারখানায় গাড়ি উৎপাদন স্থগিত করল টেসলা।
পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, টেসলার কর্মী ও সরবরাহকারীদের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। অনেক কর্মী অসুস্থ হয়ে পড়ায় কার্যক্রম চালিয়ে যাওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, কিছুদিন আগে কারখানা আপগ্রেড করে সাংহাইয়ের গাড়ি উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে টেসলা। গত সপ্তাহে সংস্থাটি রফতানি লক্ষ্য করে গাড়ি উৎপাদনে মনোনিবেশ করেছে। যদিও সপ্তাহ না পেরোতেই উৎপাদন কার্যক্রম স্থগিত করতে বাধ্য হলো সংস্থাটি। বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধে টেসলার একজন মিডিয়া প্রতিনিধি কোনো প্রতিক্রিয়া জানাননি।
বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্কের ইভি নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র সাংহাই। গত বছরের শেষ সপ্তাহে স্বাভাবিক কার্যক্রম চালিয়েছিল প্রতিষ্ঠানটি। সুতরাং বছরের শেষ সপ্তাহে ছুটি ঘোষণা সংস্থাটির নিয়মিত অনুশীলন নয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত