তিন ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক

Passenger Voice    |    ১০:৫০ এএম, ২০২২-১২-২৬


তিন ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় তিন ঘণ্টা পর ময়মনসিংহ থেকে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ সচল হয়েছে। ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর স্বাভাবিক হয় এই রুটের ট্রেন চলাচল।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়। 

এর আগে সকাল সাড়ে ৭ টায় নগরীর কেওয়াটখালী এলাকার রেল ব্রিজের কাছে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ফলে ময়মনসিংহের সাথে চট্টগ্রাম, জারিয়া ও মোহনগঞ্জের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে লোকো শেডের ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম। 

তিনি জানান, ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি সম্প্রতি বেশ কয়েকবার লাইনচ্যুত হওয়ায় মেরামতের জন্য চট্টগ্রামের পাহাড়তলি কারখানাতে পাঠানো হচ্ছিল। যাত্রা শুরুতেই কেওয়াটখালী রেল ব্রিজের কাছে বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই আমরা উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসে উদ্বার কাজ শুরু করি। প্রায় তিন ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 
 
এর আগে গত ১৭, ১১ ডিসেম্বর ও ১৮ সেপ্টেম্বর ট্রেনটির একই বগি লাইনচ্যুত হয়েছিলো। এনিয়ে চলতি বছরের সেপ্টেম্বর থেকে চার বার এই ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। 

 

প্যা.ভ/ত