অপ্রয়োজনে রাস্তায় গাড়ি ডিএমপির সাড়ে ৩ হাজার মামলা

Jahangir Alam babu    |    ০৮:৩৫ পিএম, ২০২০-০৪-১৮


অপ্রয়োজনে রাস্তায় গাড়ি ডিএমপির সাড়ে ৩ হাজার মামলা

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ছুটি ঘোষণা করেছে সরকার। অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইরে বের হতেও নিষেধ করেছে স্বাস্থ্য অধিদফতর। কিন্তু এসব নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই অহেতুক, অকারণে গাড়ি নিয়ে বাইরে বের হচ্ছেন। রাস্তায় ঘোরাঘুরি ও আড্ডা দিতেও দেখা যাচ্ছে।

এসব বন্ধে সক্রিয় ভূমিকা পালন করছে পুলিশের ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগ গত ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সড়ক পরিবহন আইনের ৯২(১) ধারায় ৩ হাজার ৪শ ৪৫টি মামলা দায়ের করেছে। জরিমানা আদায় করেছে ৬৩ লাখ ৪১ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সম্মানিত নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। কিন্তু পরিলক্ষিত হচ্ছিল কেউ কেউ জরুরি প্রয়োজন ব্যতিরেকে অহেতুক গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছেন।

সরকার ঘোষিত সাধারণ ছুটিতে ইতোমধ্যে যারা যুক্তিসংগত কারণ ছাড়া গাড়ি নিয়ে বাইরে বের হয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগ তাদের বিরুদ্ধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২(১) ধারানুসারে ব্যবস্থা নিয়েছে। ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল ডিএমপির ট্রাফিক বিভাগ ৩৪৪৫টি মামলা করেছে ও ৬৩ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।