শিরোনাম
Passenger Voice | ১০:৩১ এএম, ২০২২-১২-১৭
বিদ্যুচ্চালিত এফ-১৫০ লাইটনিং পিকআপ ট্রাকের উৎপাদন বাড়াচ্ছে ফোর্ড মোটরস। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি মিশিগান কারখানায় তৃতীয় উৎপাদন শিফট চালু করেছে। এর মাধ্যমে আগামী বছরের শেষ নাগাদ ১ লাখ ৫০ হাজার ইউনিট বিদ্যুচ্চালিত এফ-১৫০ লাইটনিং পিকআপ উৎপাদনের লক্ষ্য মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির। খবর সিএনবিসি।
সংস্থাটির মিশিগান অঙ্গরাজ্যের কারখানা ডিয়ারবর্ন ট্রাক অ্যান্ড রুজ ইলেকট্রিক ভেহিকল সেন্টারের ব্যবস্থাপক কোরি উইলিয়ামস বলেন, ফোর্ড মোটরস তার পূর্ব ঘোষিত উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের সঠিক পথে রয়েছে।
বিদ্যুচ্চালিত এফ-১৫০ লাইটনিং পিকআপ উৎপাদন বাড়াতে মিশিগান কারখানায় তৃতীয় উৎপাদন শিফট গত নভেম্বরেই চালু করা হয়েছে। একই সঙ্গে এ কারখানায় কর্মীর সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭৫০ জনে উন্নীত করা হয়েছে। নভেম্বর শেষে ১৩ হাজার ২৫৮ ইউনিট এফ-১৫০ লাইটনিং পিকআপ বিক্রি করেছে ফোর্ড।
কোরি উইলিয়ামস আরো বলেন, মিশিগান কারখানাটিতে বর্তমানে তিন শিফটে পিকআপ ট্রাক উৎপাদন করা হচ্ছে। শিফটগুলোয় কর্মীরা প্রতিদিন রোস্টারিং হিসেবে ১০ ঘণ্টা করে কাজ করছেন। কারখানা সম্প্রসারণের মাধ্যমে কর্মীরা ঝুঁকি সত্ত্বেও উৎপাদনের সর্বোচ্চ স্তর বজায় রেখেছেন। ঠিক সময়ের মধ্যে আমরা গাড়ি উৎপাদনে বদ্ধপরিকর।
এর আগে ডিয়ারবর্ন পিকআপ কারখানাসংলগ্ন নতুন একটি কারখানা স্থাপনের মাধ্যমে প্রতি বছর প্রায় ৪০ হাজার লাইটনিং পিকআপ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছিল ফোর্ড মোটরস। তবে বিদ্যুচ্চালিত এফ-১৫০ লাইটনিং পিকআপের প্রাথমিক চাহিদা তার প্রত্যাশার চেয়ে ছাড়িয়ে যাওয়ায় উৎপাদন বাড়ানোর জন্য কারখানায় শিফট বাড়ানো হয়েছে।
এদিকে গত মঙ্গলবার মটোরট্রেন্ড ম্যাগাজিনে এফ-১৫০ লাইটনিং পিকআপ ‘২০২৩ ট্রাক অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হয়েছে। ম্যাগাজিনটির সম্পাদক বলেন, পিকআপটি ২০২৩ সালের সেরা হিসেবে নির্বাচিত হতে সর্বসম্মত সমর্থন পেয়েছে। কর্মক্ষমতা ও ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যের কারণে পিকআপটি ক্রেতাদের কাছে ভিন্ন ধরনের আবেদন তৈরি করেছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত