শিরোনাম
Passenger Voice | ১০:২২ এএম, ২০২২-১২-১৭
গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর ও টেকনগপাড়া এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় চার যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এবং সন্ধ্যায় টেকনগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
টেকনগপাড়া এলাকায় নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাকুরিয়া এলাকার সালাম মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্তপুর এলাকার বাসিন্দা আবু তায়েব মুন (২৩)। নাওজোর এলাকায় নিহত দুইজনের পরিচয় জানা যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর এবং অন্যজনের ৩০ বছর।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যুবক ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর এবং অন্য জনের ৩০ বছর। নিহতদের স্বজনরা কিছুক্ষণের মধ্যেই থানায় আসবে। তারা আসার পর তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (ওসি) মো. রোকন মিয়া বলেন, গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে জাকির হোসেন ও আবু তায়েব মুন ময়মনসিংহে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এতে জাকির হোসেন ও আবু তায়েব মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদহ দুটি উদ্ধার করে। পরে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত