শিরোনাম
Passenger Voice | ০২:৫৩ পিএম, ২০২২-১২-১৫
ঘন কুয়াশার কবলে পদ্মা সেতুতে তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কিশোরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আহত কিশোর বাশারকে (১৬) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেতুর জাজিরা প্রান্তের ১৯ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সেতুজুড়ে ঘন কুয়াশা ছিল। এসময় ঢাকামুখী লেনে ১৯ নম্বর পিলারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুর সার্ভিস, মেঘনা ট্রাভেলস, টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামে তিনটি বাস একটির পেছনে আরেকটি ধাক্কা দেয়। এতে মেঘনা ট্রাভেলস ও শরীয়তপুর সার্ভিস বাসের সামনের অংশ ও টঙ্গীপাড়া এক্সপ্রেস বাসের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন কমপক্ষে পাঁচজন যাত্রী। বেশকিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর যাত্রীরা অন্য বাসের সহযোগিতায় গন্তব্যে চলে যান।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা বলেন, পদ্মা সেতুতে দুর্ঘটনায় বাশার নামে একজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তার বাড়ি শ্রীনগরের খিলপাড়া এলাকায়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত