শিরোনাম
Passenger Voice | ০৩:৪৪ পিএম, ২০২২-১২-১৩
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এ কারণে সিডিউল বিপর্যয় ঘটে। তাই ৯টি ট্রেনের যাত্রা বাতিল করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে পাকশী বিভাগীয় পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোলার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হলো- বেনাপোল এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, ঢাকা-চাঁপাই মেইল ট্রেন-৯৯ আপ, রংপুর এক্সপ্রেস টাঙ্গাইল কমিউটার।
কন্ট্রোলার আলমগীর হোসেন বলেন, রাজশাহী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসিম কুমার তালুকদারের নির্দেশে মঙ্গলবার বেলা ১১টার দিকে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
এ বিষয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ জানান, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ কারণে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। ফলে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাওয়ার সময় কালিহাতী উপজেলার রাজাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় সোমবার সাড়ে ১০টায় ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে মঙ্গলবার সকাল ৯টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত