টাঙ্গাইলে রেল দুর্ঘটনা: রাজধানীতে শিডিউল বিপর্যয়

Passenger Voice    |    ০১:০৯ পিএম, ২০২২-১২-১৩


টাঙ্গাইলে রেল দুর্ঘটনা: রাজধানীতে শিডিউল বিপর্যয়

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে মালবাহী ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় ১০ ঘণ্টার বেশি সময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দি‌কে লাইনচ‌্যুত বগিটি রেললাইন থেকে অপসারণ ক‌রার পর ট্রেন চলাচলের বাধা দূর হয়। এই দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা প্রত্যাশী মানুষেরাও।

মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা প্রত্যাশী মানুষেরা ভিড় করেছেন। আব্দুর রহিম স্ত্রীসহ নীলফামারী যাবেন। ভোর ৬টা ৪০ মিনিটের ট্রেন ধরার জন্য কমলাপুর আসেন ৬টারও আগে। পাঁচ ঘণ্টা যাবত বসে আছেন, কিন্তু যাত্রা বাতিল হবে কিনা বা কখন ট্রেন চালু হবে তিনি জানেন না। তিনি বলেন, এক ঘণ্টা আগে বাতিল দেখিয়েছে। এখন আবার  দেখাচ্ছে বিলম্ব হবে। কিন্তু ট্রেন আদৌ ছাড়বে কিনা জানি না।

সিরাজুল ইসলাম নাহিদ রংপুর এক্সপ্রেসে রংপুরে যাবেন। সাড়ে ৮টার ট্রেনের জন্য আগেই এসেছেন। এখন ট্রেন বাতিল হলে টিকিট বাতিল করে বাসের জন্য যেতে হবে। কিন্তু টিকিট বাতিল করতেও লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। সেখানেও দুই তিন ঘণ্টা লাগতে পারে।

সোহেল রানা খুলনা যাবেন। পরিবারসহ ৮টার আগে স্টেশনে এসে পৌঁছান। তখন থেকেই বসে আছেন। এখন শুনছেন ট্রেন বাতিল হবে। আবার বলছে বিলম্ব হবে। সঠিক খবর স্টেশন মাস্টারও দিতে পারছেন না। ট্রেনের যাত্রা বিড়ম্বনায় তার জরুরি কাজে বাড়ি যাওয়ায় নিয়ে সংকট তৈরি হয়েছে।

কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, বগি সরানোর কাজ শেষ। রেল চলাচল স্বাভাবিক হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ি রেল ক্রসিংয়ে ঢাকাগামী মালবাহী ট্রেন‌টির ১১ নম্বর বগি লাইনচ‌্যুত হয়। উত্তরবঙ্গ থেকে চালবাহী ট্রেন‌টি ঢাকার দি‌কে যাচ্ছিল। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভো‌গে পড়েন যাত্রীরা। মঙ্গলবার সকাল ৯টার দি‌কে লাইনচ‌্যুত ট্রেনের বগিটি রেললাইন থেকে অপসারণ ক‌রা হয়।

প্যা/ভ/ম