জনসভার নামে গনহারে গাড়ী রিকুইজিশন, ৩ জেলায় পরিবহন ধর্মঘট

Passenger Voice    |    ১২:২৭ পিএম, ২০২২-১২-০৮


জনসভার নামে গনহারে গাড়ী রিকুইজিশন, ৩ জেলায় পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে পুলিশ কর্তৃক গণহারে বাস রিকুইজিশন করার প্রতিবাদে উত্তর চট্টগ্রাম ও দুই পার্বত্য জেলায় আজ বৃহস্পতিবার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে পরিবহন মালিকরা।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ন সম্পাদক মোহাম্মদ শাহজাহান বুধবার রাতে পরিবহন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশের প্রয়োজনে, দেশের স্বার্থে পুলিশ সবসময়ই গাড়ি রিকুইজিশন করতে পারে আমরাও পুলিশকে গাড়ি দিয়ে সহযোগিতা করি।  কিন্তু পুলিশ সমাবেশের নামে আমাদের হাটহাজারী থেকে ২৪টি সহ চট্টগ্রাম থেকে ৯৭ টি বাস রিকুইজিশন করে নিয়ে যায়। এর মধ্যে ১৩ টি বাস পুলিশ ব্যবহার করলেও বাকি বাসগুলো চট্টগ্রাম থেকে খালি নিয়ে উখিয়া-টেকনাফ থেকে কক্সবাজারের প্রধানমন্ত্রীর জনসভার লোকজন আনা-নেওয়া করেছে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী রিকুইজিশন করা বাসগুলোর চালক ও সহকারীদের খাবার এবং ডিজেল খরচ দেওয়ার কথা থাকলেও তা পর্যাপ্ত দেয়নি । ফলে আর্থিক ক্ষতি সহ নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

এই পরিবহন মালিক আরও বলেন, ৮দিন আগে পুলিশ চট্টগ্রামের কথা বলে খাগড়াছড়ি থেকে ৫টি বাস রিকুইজিশন করলেও পরে তা কক্সবাজার-টেকনাফ নিয়ে গেছে। পুলিশের এইসব হয়রানির প্রতিকার চেয়ে বৃহস্পতিবার রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও উত্তর চট্টগ্রামের প্রতীকী পরিবহন ধর্মঘট আহ্বান করেছি।  ওইদিন আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

 

পিভি/জেএম