শিরোনাম
Passenger Voice | ১০:৩০ এএম, ২০২২-১১-২৪
যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোদ দিতে নৌকার আদলে মোটরসাইকেল সাজিয়ে হাজির হয়েছেন মাগুরার শহর আলী (৬০)। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের ঐতিহাসিক জনসভায় তিনি অংশগ্রহণ করবেন।
গতকাল বুধবার (২৩ নভেম্বর) বিকেলে তিনি যশোরে উপস্থিত হয়েছেন। শহর আলী মাগুরার শালিখা উপজেলার সরুসোনা গ্রামের বাসিন্দা।
এদিকে শহর আলী তার নিজের তৈরি করা নৌকার আদলে সাজানো মোটরসাইকেল নিয়ে বুধবার বিকেলে শহরের বিভিন্ন মোড় এবং সড়ক প্রদক্ষিণ করেন। তার নৌকার মোটরসাইকেলটি দেখতে ভিড় করেন অনেকেই।
শহর আলী জানান, তিনি ২৫ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনে বাঁশের চটা, কাঠ এবং কাপড় দিয়ে নৌকার আদলে মোটরসাইকেলটি সাজিয়েছেন।
তিনি বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধাদের আনা নেওয়া করতেন। ছোটবেলায় তিনি আমাদের বলতেন- তিনি বঙ্গবন্ধুর হাত ধরে হেঁটেছেন। সেই থেকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আমার ভালোবাসার জন্ম হয়। যেখানে প্রধানমন্ত্রীর জনসভা হয়, সেখানে আমি আমার নৌকার মোটরসাইকেলটি নিয়ে হাজির হই নেত্রীকে একনজর দেখার উদ্দেশ্যে। তারই ধারাবাহিকতায় আমি আজ যশোরে এসেছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার যশোরে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি ও কর্মযজ্ঞ ইতোমধ্যে শেষ করেছে দলীয় নেতাকর্মী ও প্রশাসন। দলীয় ফোরামে এবং প্রশাসনে চলছে এখন শেষ সময়ের সর্বোচ্চ সতর্কতা।
দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাহিরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোটা যশোর জেলা এখন নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের স্মরণকালে এটিই সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ হতে চলছে। বৃহত্তর যশোর জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকেও কয়েক লাখ নেতাকর্মী এ সমাবেশে যোগদান করবেন। ফলে এ জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত