শিরোনাম
Yasin Hoque | ০৫:০৪ পিএম, ২০২০-০৪-১৫
করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে সরকার সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে। বন্ধের মধ্যেও গত ২০ দিনে চট্টগ্রাম নগরে ট্রাফিক আইন অমান্য করায় মোট ৯২৫টি মামলা দায়ের হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের দুই জোনে ২৬ শে মার্চ থেকে গতকাল ১৪ এপ্রিল পর্যন্ত এইসব মামলা দায়ের হয়।
গণপরিবহন সংশ্লিষ্ট সরকারের সকল নির্দেশনা বাস্তবায়ন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
বিগত ২০ দিনে (২৬ মার্চ-১৪ এপ্রিল) পর্যন্ত সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্য করায় ৯২৫ টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ১৮৩১টি যানবাহন আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। যার মধ্যে ট্রাফিকের উত্তর জোন ৫৬০টি মামলা দায়ের করে ও ৯০৭টি গাড়ি আটক করে। ট্রাফিক বন্দর জোন কর্তৃক ৯২৪ টি গাড়ি আটক ও ৩৬৫টি গাড়ীকে মামলা দিয়েছেন বলে প্যাসেঞ্জার ভয়েসকে জানিয়েছেন সিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার আবু বক্কর ছিদ্দিক।
জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, "সরকারের নির্দেশ অনুযায়ী আমরা সব ধরনের যানচলাচল বন্ধ রেখেছি। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্য , বন্দর সংশ্লিষ্ট বা ওষুধ সরবরাহের যে গাড়িগুলো আছে সেগুলো চলছে। সন্ধ্যা ৬ টার পর কেউ বের হলে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো অযথা কোনো কারন ছাড়া ঘর থেকে বের হবেন না।"
সিএমপির এক কর্মকর্তা বলেন, করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকলেও আমাদের পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। সড়ক পরিবহন আইন ও সরকারি আদেশ অমান্য করে যেসব যানবাহন রাস্তায় বের হচ্ছে সেগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে। যানবাহন আটক হচ্ছে এবং জরিমানা আরোপ করা হচ্ছে। এখন যেসব যানবাহন আটক করা হচ্ছে তা ছাড়া হবে না। যতদিন সাধারণ ছুটি শেষ না হবে এবং সিএমপির নির্দেশনা বহাল থাকবে ততদিন এসব গাড়ি আটক থাকবে। আমরা অনুরোধ করবো- যাতে কেউ বিনাপ্রয়োজনে গাড়ি নিয়ে বের না হন।
প্রসঙ্গত, মহামারির এই সময়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ব্যাক্তিগত উদ্যোগে পুলিশের নিজস্ব বেতনের অর্থায়নে ৩০ হাজার পরিবারকে ১০ দিনের খাবার সামগ্রী ঘরে পৌঁছে দিয়েছে। পাশাপাশি পরিবহন শ্রমিকদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত