শিরোনাম
Passenger Voice | ০৪:১৭ পিএম, ২০২২-১১-২১
ফুটবল উন্মাদনায় মেতেছে সারাবিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামও। প্রিয় দলের জন্য সমর্থন ও উচ্ছ্বাস জানাচ্ছেন যে যার মতো করে। তবে বিশ্বকাপ উপলক্ষে জামালপুরে এক জায়গায় ৩২ দেশের পতাকা টানানো হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর রেলওয়ে ক্রসিং গিয়ে এ দৃশ্য দেখা যায়।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বকাপ আসলেই তাদের পূর্বসূরিরা বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক দেশকে সম্মান জানিয়ে পতাকা উত্তোলন করতেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।বাপ-চাচাদের মতো তারাও এবার কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশকে সম্মান জানিয়ে পতাকা উত্তোলন করেছেন।
কথা হয় ব্রাজিল সমর্থক বিপুল এবং আর্জেন্টিনার সমর্থক আব্দুস সবুরের সঙ্গে। তারা জানান, ফুটবলের এ উন্মাদনাকে জাগ্রত করার জন্য এখানে প্রত্যেক দলের পতাকা উত্তোলন করা হয়ে থাকে। যদিও তারা ভিন্ন ভিন্ন দলের সমর্থক তথাপি তাদের মধ্যে রয়েছে ভ্রাতৃত্ববোধ। দিনশেষে যে দলই জিতুক না কেন তারা সেটাকে মেনে নিতে প্রস্তুত।
কথা হয় শিহাব, রিমন, রাকিব ছাড়াও আরও অনেকের সঙ্গে। তারা জানান, ছোটবেলা থেকেই তারা এ আয়োজন করে আসছেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা রাখেন ভবিষ্যৎ প্রজন্ম রেলক্রসিংয়ে এ ঐতিহ্য বজায় রাখবে। খেলা নিয়ে এখানে তাদের মাঝে কোনো দ্বন্দ্ব ও বিতর্ক নেই।
এছাড়া প্রজেক্টরের মাধ্যমে তারা খেলা দেখার আয়োজন করেছেন। এখানে যারা খেলা দেখেন, তারা খুব আনন্দ পান। তবে কে আর্জেন্টিনা, কে ব্রাজিল সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব বা বিতর্ক নেই। সবাই নিজ পছন্দের দলকে এ বিশ্বকাপে ফেভারিট বলে এগিয়ে রাখছেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত