শিরোনাম
Passenger Voice | ০২:০২ পিএম, ২০২২-১১-১৯
আসাম বিধানসভার ৩৫ বিধায়কসহ ৬২ জনের একটি ভারতীয় প্রতিনিধ দল বাংলাদেশে অবস্থান করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন তারা।
আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই এ শুভেচ্ছা সফর। প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছে সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানবে।
প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি। স্থলবন্দরে প্রবেশের পর সাংবাদিকদের বলেন, আমরা ভৌগলিক ও মনের দিক থেকে আলাদা হইনি। আমরা আলাদা শুধু প্রশাসনিকভাবে। অন্যক্ষেত্রে আমাদের মিল রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন তারা।
প্রতিনিধিদলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।
অসমিয়ারা বসবাস করে রাঙামাটির একটি গ্রামেও যাবেন বিধায়করা। এ ছাড়া খাগড়াছড়িতে বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করবেন তারা। সফর শেষে আগামী ২৩ নভেম্বর প্রতিনিধি দলটি ঢাকা ছাড়বে।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত