শিরোনাম
Passenger Voice | ১০:৩৩ এএম, ২০২২-১১-১৯
বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়িতে বিয়ে করতে গেলেন উমর ফারুক নামের এক যুবক। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মুসুল্লি পাড়া এলাকার ফজলুল হকের ছেলে। উমর ফারুক উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
গতকাল শুক্রবার লালমনিরহাট সদর উপজজেলার কুলাহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে বিলকিস আক্তারের সঙ্গে উমর ফারুকের বিয়ে হয়। এদিন সন্ধ্যা ৭টায় ৯ লাখ টাকা দেন মোহরানায় তাদের বিয়ে সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন ঘটক রাজু সরকার।
জানতে চাইলে উমর ফারুক জানান, তার বাপ-দাদারা বিয়ে করেছেন কেউ হাতির পিঠে চড়ে, কেউ মহিষের গাড়িতে করে। বংশের পুরোনো ঐতিহ্য ধরে রাখতে তিনিও মহিষের গাড়িতে চড়ে বিয়ে করবেন বলে স্বপ্ন দেখেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন এবং বংশের ঐতিহ্য ধরে রাখতেই তিনি মহিষের গাড়িতে বিয়ে করতে গেছেন।
ঘটক জানান, বর ও তার পরিবারের ইচ্ছা এবং বংশের ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়িতে চড়ে বিয়ে করতে যান। অনেক বছর পর মহিষের গাড়িতে বিয়ে করতে যাওয়ার সময় বর ও কনের বাড়িতে শত শত মানুষের ঢল নামে।
এদিকে লালমনিরহাট সদরের রায়পাড়া এলাকার দীলিপ চন্দ্র রায় ও বালারহাট এলাকার বিকাশ চন্দ্র রায় নামের দুজন জানান, তারা শুক্রবার বিকেলে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুতে বেড়াতে এসে বরকে মহিষের গাড়িতে বিয়ে করতে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। সেইসঙ্গে পুরোনো ঐতিহ্য ধরে রাখার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত