বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর, আহত ১০

Passenger Voice    |    ০৩:৫৬ পিএম, ২০২২-১১-১৮


বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর, আহত ১০

রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির সাবেক দুই এমপিসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দুটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল বাজার এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি ) আসিফা আশরাফি পাপিয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান ও রাশেদুল হাসান রঞ্জন।

জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশ সফল করতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জামতৈল বাজার এলাকায় উপজেলা বিএনপি অফিসের সামনে লিফলেট বিতরণ করছিলেন নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে সাবেক এমপিসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে কামারখন্দ উপজেলা বিএনপি কার্যালয়ে প্রস্ততি সভা হয়। এরপর লিফলেট বিতরণকালে অর্তকিত ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। সেই সঙ্গে দুই গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানান।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ জানান, বিএনপির লিফলেট বিতরণের সময় তাদের দুই গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মারধর করা হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী প্রধান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ালশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।


প্যা.ভ/ম