রাজশাহীর বর্জ্য থেকে জ্বালানি তৈরিতে চীনকে প্রস্তাব

Passenger Voice    |    ১২:৩০ পিএম, ২০২২-১১-১৮


রাজশাহীর বর্জ্য থেকে জ্বালানি তৈরিতে চীনকে প্রস্তাব

রাজশাহী নগরীর বর্জ্য থেকে জ্বালানি ও জৈবসার তৈরিতে চীনকে প্রস্তাব দিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক করেন রাসিক মেয়র।

বৈঠক শেষে সাংবাদিকদের মেয়র লিটন বলেন, আমরা রাজশাহী নগরীর সলিড বর্জ্য শোধন না করে ফেলে দিই। সেগুলো সারা বিশ্বে ট্রিটমেন্ট করে জ্বালানি ও জৈবসার তৈরি হয়। আমরা চীনা রাষ্ট্রদূতকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছি। তিনি আগ্রহ প্রকাশ করেছেন। চীন সরকার ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। শহরের নালা দিয়ে বয়ে যাওয়া বর্জ্যমিশ্রিত পানি শোধন করে কৃষিকাজে ব্যবহারের উপযোগী করার বিষয়েও কথা হয়েছে। এ বিষয়ে তারা প্রস্তাব দিতে বলেছেন। এছাড়া দেশের বন্ধ পাটকল, চিনিকল ও টেক্সটাইল মিল ভাড়ায় চালাতে প্রস্তুত চীন।

মেয়র লিটন বলেন, চীন আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং অন্যমত উন্নয়ন সহযোগী। রাজশাহীতে পানি শোধনাগার নির্মাণে ২০১৬ সালে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

এ সময় রাসিকের প্যানেল মেয়র রজব আলী, তাহেরা খাতুন মিলি, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, কাউন্সিলর আব্দুল মোমিন, আরমান আলী, উম্মে সালমা বুলবুলি, আয়েশা খাতুন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্যা.ভ/ম