শিরোনাম
Passenger Voice | ০১:৩২ পিএম, ২০২২-১১-১৭
নিজস্ব প্রতিবেদক ।। পাঁচ মাসের বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় মেরিন ড্রাইভ ও নতুন চাক্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ৬ শতাধিক পোশাক শ্রমিক। এতে করে ওই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। বাকলিয়া এলাকার ডিপ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা গত পাঁচ মাস ধরে শ্রমিকদের বেতন না দিয়ে বন্ধ করে দিয়েছে।
শ্রমিকরা জানায়, মালিকপক্ষ যতক্ষণ বৈঠকে বসে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেবে না ততোক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। এসময় পুলিশ গিয়ে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা শুনছেন না। জানা গেছে, নগরের বাকলিয়া এলাকায় ডিপ অ্যাপারেলস নামের প্রতিষ্ঠানটির দুটি কারখানা রয়েছে। সেখানে ৬ শতাধিক শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তে রীতিমত বিপাকে পড়ার কথা জানালেন শ্রমিকরা।
কারখানাটির শ্রমিক নাজমুল বলেন, আমাদেরকে আগে থেকে কোন কিছুই জানানো হয়নি। আজ সকালে এসে নোটিশ দেখতে পাই। কারখানা নাকি মালিক বন্ধ করে দিবেন। আমাদের এখনো বেতন বকেয়া আছে। তার উপর অন্য কারখানাগুলোতে এখন লোক নিচ্ছে না। আমরা দুশ্চিন্তায় পড়ে গেলাম। জানি না কিভাবে ঘর সংসার সামলাবো।
কারখানা মালিকের বরাত দিয়ে শিল্প পুলিশ বলছে, বর্তমানে পোশাক কারখানাটিতে কোন কাজের অর্ডার নেই। আয় না থাকায় ৬শ শ্রমিকের বেতন চালাতে হিমশিম খাচ্ছে মালিক। তাই তারা কারখানা বন্ধ করে শ্রমিক ছাটাইয়ের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। চট্টগ্রাম শিল্প পুলিশের এএসপি মো. সেলিম নেওয়াজ বলেন, কার্যাদেশ না থাকায় কারখানা মালিক প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখার ঘোষণা দেয়। এতে করে প্রায় ৬শ শ্রমিক চাক্তাই রিং রোডে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের সদস্যরা সেখানে আছেন। আমরাও সমাধানের পথ বের করতে মালিকপক্ষের সাথে কথা বলছি।
পিভি/জেএম/ডেস্ক
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত