শিরোনাম
Passenger Voice | ১২:৪৪ পিএম, ২০২২-১১-১৬
নরসিংদীর রায়পুরা উপজেলার নীলকুঠি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ফেনীর ছাগলনাইয়া ও পরশুরামে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল প্রাণ হারিয়েছেন দুজন। গত সোমবার তারা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। নিহতরা হলেন পথচারী বিজয় মজুমদার ও মোহাম্মদ উল্লাহ।
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া এলাকার ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬) ও কালাম মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৩৫)। আহতরা ভৈরবসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নরসিংদীর রায়পুরা উপজেলার নীলকুঠি এলাকায় গত সোমবার গভীর রাতে বিআরটিসির একটি বাসের চাকা পাংচার হলে মহাসড়কের পাশে পার্কিং করা হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী লাকী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসির বাসটিকে অতিক্রম করতে গিয়ে ঢাকাগামী মাছভর্তি একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত