যাত্রীদের অভিযোগের জন্য রয়েছে তিন হটলাইন নম্বর

ই-টিকিটিং: বেশিরভাগ পরিবহনেই পজ মেশিন নেই, ভাড়া আগের নিয়মেই

Passenger Voice    |    ১২:১৭ পিএম, ২০২২-১১-১৩


ই-টিকিটিং: বেশিরভাগ পরিবহনেই পজ মেশিন নেই, ভাড়া আগের নিয়মেই

রাজধানীর মিরপুর রুটে চলাচলকারী সব পরিবহনে রোববার (১৩ নভেম্বর) থেকে ই-টিকিটিংয়ের মাধ্যমে ভাড়া আদায়ের কথা ছিল। তবে বেশিরভাগ পরিবহনেই ই-টিকিটিং মেশিন বা পজ মেশিন না পাওয়ায় ভাড়া কাটা হচ্ছে আগের নিয়মেই।

তবে যেসব পরিবহনে ই-টিকেটিং চালু হয়েছে, তার যাত্রী ও পরিবহন শ্রমিক উভয়েই প্রকাশ করেছেন সন্তুষ্টি। রোববার সরেজমিন ঘুরে যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

যাত্রীরা বলছেন, তারা যে পর্যন্ত ভ্রমণ করছেন ঠিক সে পর্যন্তই ভাড়া রাখা হচ্ছে। এ ব্যবস্থা সকল পরিবহনে চালু হলে কমবে ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়।

এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ মিরপুর রুটের সকল পরিবহনেই ই-টিকিটিং চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা শহরে সকল কোম্পানি অর্থাৎ ৬০টি কোম্পানির ৩ হাজার ৩১৪টি বাস ই-টিকিটিংয়ের আওতায় নিয়ে আসা হবে। এতে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে নৈরাজ্য, আর দুর্ঘটনা কমে আসবে। এছাড়া পার্শ্ববর্তী শহর থেকে ঢাকায় প্রবেশ করা ৩৭টি কোম্পানির বাসসহ মোট ৯৭ কোম্পানির ৫ হাজার ৬৫০ বাস আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে  ই-টিকিটিংয়ের আওতার আনার কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব।

গণপরিবহন মনিটরিং করতে একটি সেল গঠন করা হয়েছে। চুক্তিতে কাউকে বাস চালাতে না দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ জন্য চালকদের বেতন অনেক বাড়ানো হয়েছে। মালিককে দেয়া বাধ্যতামূলক জমার টাকা তুলতে বাসগুলোর মধ্যে যে অসম প্রতিযোগিতা আছে তাও দূর হবে।

যাত্রীদের অভিযোগের জন্য তিনটি হটলাইন নম্বর- ০১৬১৮৯৩৩৫৩১, ০১৬১৮৯৩৬১৮৫ এবং ০১৮৭০১৪৬৪২২ নম্বর দেয়া হয় সংবাদ সম্মেলনে।

প্যা.ভ/ম