শিরোনাম
Passenger Voice | ১০:৩৬ এএম, ২০২২-১১-১২
পরিবহন ধর্মঘটের কারণে ফরিদপুরে গণসমাবেশে যোগ দিতে বিকল্প উপায়ে মাদারীপুরের শিবচর থেকে ট্রলারে করে রওনা হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
শনিবার (১২ নভেম্বর) ভোর রাতে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের তীরবর্তী মাদবরেরচর হাটের কাছ থেকে তিনটি ট্রলার ফরিদপুরের উদ্দেশে ছেড়ে গেছে। মাদবরেরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমারাত বেপারি মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিবচর উপজেলার মাদবরেরচর হাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদের ঘাট থেকে তিনটি ট্রলারে আমরা রওনা হই। এসব ট্রলারে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী রয়েছে।
তিনি আরও জানান, ট্রলারগুলো এখন ফরিদপুরের কাছাকাছি রয়েছে। এই দলে আমিও রয়েছি।
মুঠোফোনে তিনি আরও বলেন, ‘শিবচর থেকে কোনো বাস, মাইক্রোবাস ভাড়া পাওয়া যায়নি। পরে আমরা আমাদের এলাকা থেকে বড় দুটি ট্রলার ভাড়া করি। গতকাল রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিলে, পরে আমরা ছোট তিনটি ট্রলার ভাড়া করে রওনা হয়েছি। নেতা-কর্মীদের নিয়ে ফরিদপুর পৌঁছানোর আর কোনো পথ ছিল না। তাই নৌপথেই রওনা হয়েছি।’
এদিকে আরেকটি ট্রলারে ফরিদপুর যাচ্ছেন মাদবরেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম রেজা। তিনি মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের ভাড়া করা বড় ট্রলার বাধা দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতারা।পরে আমরা ওই ট্রলার রেখে অন্য ট্রলার ভাড়া করি। বড় ট্রলারে রাখা আমাদের খাবারগুলোও আনতে পারিনি। বর্তমানে আমরা ফরিদপুরের সিএন্ডবি ঘাটের কাছাকাছি আছি।’
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত