পদ্মাসেতু নিয়ে গুজব ছাড়ানো যুবককে পাঁচ বছর কারাদণ্ড

Passenger Voice    |    ০৩:০৭ পিএম, ২০২২-১১-০৮


পদ্মাসেতু নিয়ে গুজব ছাড়ানো যুবককে পাঁচ বছর কারাদণ্ড

পদ্মা সেতু নিয়ে গুজব ছাড়ানোর মামলায় রাজিব হোসাইন (১৯) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলার বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রাজিব হোসাইন জেলার দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে জেলার কেন্দ্রেীয় কারাগারে নেয় পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, পদ্মাসেতু উদ্বোধনের আগে গুজব রটানো হয়েছিল, পদ্মা সেতুতে মাথা লাগবে। আসামি রাজিব হোসাইন তার ফেসবুকে ২০২১ সালের অক্টোবর এক স্ট্যাটাস দেন।

এতে ‘বাংলাদেশের পদ্মা সেতুর নির্মাণ চলা পথে বাধা পড়েছে, মানুষের মাথা লাগবে। ১ লাখ বা তারও বেশি মানুষের মাথা প্রয়োজন। সারা বাংলাদেশে বের হয়েছে ৪১টি দল।’-এমন একটি পোস্ট দেন।

এ ঘটনায় পরে ওই বছরের ৮ অক্টোবর রাজশাহীর দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শামীম সারোয়ার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর রাজিবকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে পুলিশ এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। পরে এ মামলার বিচারে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়।

 

প্যা.ভ/ত