মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পরিবেশ রক্ষায় ৬ সদস্যের ব্যবস্থাপনা কমিটি

Passenger Voice    |    ১২:২৪ পিএম, ২০২২-১১-০৮


মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পরিবেশ রক্ষায় ৬ সদস্যের ব্যবস্থাপনা কমিটি

নিজস্ব প্রতিবেদক ।।  কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পরিবেশ রক্ষায় ৬ সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। পরিবেশের ক্ষতি না করে নির্মাণাধীন এই সমুদ্র বন্দরের উন্নয়ন কার্যক্রমকে টেকসই করতে পরিবেশ ব্যবস্থাপনা কমিটি নামে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।  গতকাল সোমবার (৭ অক্টোবর) মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্নসচিব) মীর জাহিদ হাসান এ কমিটির অনুমোদন দেন। 

মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সিমুলেশন এবং বৈজ্ঞানিক সফটওয়্যার বিভাগের মো. শিহাব উদ্দীনকে আহবায়ক এবং  খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের এরিয়া ম্যানেজার আবু মোহাম্মদ ইলিয়াসকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) সহকারী ব্যবস্থাপক (ইএসটি) রাশেদুল বারী, প্রাকৃতিক পরিবেশ বিশেষজ্ঞ কেনজি ইগারাশি, সামাজিক পরিবেশ বিশেষজ্ঞ নাওকো কাতাশিমা ও একজন ঠিকাদার প্রতিনিধি রয়েছেন।

জানা গেছে, নির্মাণ কার্যক্রম চলাকালীন সময়ে আশেপাশের জমির উপর সৃষ্ট প্রভাব, শব্দের তীব্রতার মান, বায়ুমানের পরিবর্তন, আর্থসামাজিক অবস্থা ইত্যাদি বিষয় যাচাই করবে কমিটি। তাছাড়া পানির ব্যবহার, পানির গুনগত মান, বালু বা মাটি ও বর্জ্য পদার্থের পরিবহনসহ নানা বিষয় যাচাই করবেন সদস্যরা।  মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্নসচিব) মীর জাহিদ হাসান বলেন, প্রকল্পের পরিবেশগত ও সামাজিক সুবিধা যাচাই করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা সবদিক যাচাই করে পরিবেশগত ছাড়পত্র প্রদান করবেন।

পিভি/জেএম/ডেস্ক