শিরোনাম
Mokhtar Hossain | ০৮:১৪ পিএম, ২০১৯-১০-২৯
অতিরিক্ত সচিব কামরুল আহসানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া আরো ১৫ অতিরিক্ত সচিব ও সমমর্যাদার পদে পরিবর্তন আনা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত কামরুল গত ২০ অক্টোবর থেকে বিআরটিএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। বিআরটিসির পরিচালক হামিদুর রহমানকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুহাম্মদ মুনির চৌধুরীকে হাওর ও জলাশয় উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। হাওর ও জলাশয় উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মজিবুর রহমানকে গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক, ‘গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের পরিচালক মুস্তাফিজুর রহমানকে পাট অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের মীর মো. নজরুল ইসলামকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ কে এম দিনারুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আবুল হাসনাত মো. লতিফুল কবিরকে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবন নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি নাসরীন আফরোজকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা-ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক জাহানারা পারভীনকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মো. মাহমুদ-উল-হককে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়ের ফরিদা পারভীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
স্ব স্ব মন্ত্রণালয়ে সংযুক্ত আতিকুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মশিউর রহমানকে স্বাস্থ্য সেবা বিভাগ, সুদত্ত চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এ কে এম জাকির হোসেন ভূঁইয়াকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত