দুর্ঘটনা এড়াতে চোখের সমস্যা নিয়ে গাড়ি না চালানোর অনুরোধ

Passenger Voice    |    ১১:৫৪ এএম, ২০২২-১১-০৩


দুর্ঘটনা এড়াতে চোখের সমস্যা নিয়ে গাড়ি না চালানোর অনুরোধ

চোখের সমস্যা নিয়ে সড়কে গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।

বুধবার (২ নভেম্বর) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ অনুরোধ জানান।

লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা আহছানিয়া মিশনের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী চালকদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়।

এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, চালকদের যদি চোখের সমস্যা থাকে, তাহলে সামনের দৃশ্য ঠিকমত দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই নিরাপদ গন্তব্যে পৌঁছাতে চালকদের সুস্থ থাকতে হবে।

সেই সঙ্গে এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রমে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সায়েদাবাদ আন্তঃজেলা নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং ঢাকা সড়ক পরিবহনের সভাপতি আজমল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম, সায়েদাবাদ বাস টার্মিনাল শ্রমিক কমিটি এবং ২১৯৫ ইউনিয়নের সভাপতি হাজি মোহাম্মদ আলী সুবা ও সাধারণ সম্পাদক সেলিম সারওয়ারসহ আরও অনেকে।

জানা গেছে, সপ্তাহব্যাপী এই কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে আগামীকাল ৩ নভেম্বর পর্যন্ত চলবে। সায়েদাবাদ বাস টার্মিনালে আজ পর্যন্ত তিন শতাধিক চালক বিনামূল্যে তাদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করায়। ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর আওতায় সায়েদাবাদ বাস টার্মিনালে এই সপ্তাহব্যাপী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

প্যা.ভ/ত