আজ  থেকে মাওয়া ভাঙ্গা রেল সংযোগে পরীক্ষামূলক “ট্র্যাক কার” চলবে

Passenger Voice    |    ০৫:৪২ পিএম, ২০২২-১১-০১


 আজ  থেকে মাওয়া ভাঙ্গা রেল সংযোগে পরীক্ষামূলক “ট্র্যাক কার” চলবে

ডেস্ক রিপোর্ট ॥ আজ  থেকে মাওয়া ভাঙ্গা রেল সংযোগ প্রকল্পে পরীক্ষামূলক “ট্র্যাক কার” চলাচল করবে। 
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার নতুন রেলপথে আজ থেকে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চালানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। 
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় ভাঙ্গা পুরোনো স্টেশন থেকে পরীক্ষামূলক রেলটি ছেড়ে আসার কথা । এই পুরো পথে আধুনিক রেললাইন বসে যাওয়ায় প্রথমবারের মতো রেল চালিয়ে পর্যবেক্ষণ করা হবে।
৩২ কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার পাথরবিহীন এবং ২৮ কিলোমিটার পাথরসহ রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে। এই রেললাইনটি ভাঙ্গার পুরোনো রেললাইনের সঙ্গে যুক্ত। দুপুর ১২টার দিকে পদ্মা রেলওয়ে সেতুর জাজিরা প্রান্তে ট্র্যাক কারটি পৌঁছানোর কথা ।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা (সেকশন-২) অংশের স্টেশন ইনচার্জ অফিসার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকদিন আগে এই পথের কাজ শেষ হয়েছে। আজ চীনের তৈরি একটি গ্যাংকার পরীক্ষামূলক চালানো হবে। কিছুটা ধীরগতিতে ট্র্যাক কার চালিয়ে দেখা হবে। ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে সেটি পদ্মা সেতুর ভায়াডাক্টে (সংযোগ সেতু) পৌঁছাবে।
এদিকে, পদ্মা সেতুর নিচতলায় রেললাইন বসানোর কাজ চলছে। সেতুতে রেললাইন বসানোর পরই সেতু অতিক্রম করবে রেল। সেতুতে রেললাইন স্থাপনে ব্যস্ত সময় পার করছে প্রকৌশলীরা। রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেললিঙ্ক প্রকল্প শেষ হবে ২০২৪ সালে।
তবে আগামী জুনে পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের টার্গেট রয়েছে কর্তৃপক্ষের । মাওয়া রেল স্টেশনের প্রায় ৮৫ শতাংশ ও জাজিরা প্রান্তের পদ্মা রেল স্টেশনের ৭৭ ভাগের বেশি কাজের অগ্রগতি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
পিভি /ডেস্ক রিপোর্ট/জেএম