সিরাজগঞ্জ টার্মিনালে সারি সারি দাঁড়িয়ে রয়েছে রংপুরগামী বাস

Passenger Voice    |    ১০:৪৩ এএম, ২০২২-১০-২৯


সিরাজগঞ্জ টার্মিনালে সারি সারি দাঁড়িয়ে রয়েছে রংপুরগামী বাস

বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সিরাজগঞ্জ থেকে রংপুরমুখী বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন নেতারা। টার্মিনালে রংপুরগামী বাসগুলো সারি সারিভাবে বন্ধ করে রাখা হয়েছে। এতে বগুড়া-রংপুর, সৈয়দপুর, বাংলাবান্দার যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল শেখ দুলু জানান, সমাবেশে বিএনপি’র নেতাকর্মীরা গাড়িতে নাশকতা চালাতে পারে আশঙ্কতা থাকায় জেলা থেকে রংপুরগামী বাস দুইদিন বন্ধ রাখা হয়েছে।

এরআগে, গতকাল (শুক্রবার) সকালেও সিরাজগঞ্জ থেকে রংপুরগামী কোন বাস ছেড়ে যায়নি। তবে গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ থেকে রংপুরের উদ্দেশে বাস ছেড়ে গেছে।

সৈয়দপুরগামী বাসের যাত্রী হেলাল শেখ বলেন, সকালে বাসস্ট্যান্ডে এলে কাউন্টারের লোকজন জানান দুইদিনের জন্য রংপুরমুখী কোন গাড়ি যাবে না। নিরুপায় হয়ে ফিরে যাচ্ছি।

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আতিকুর রহমান আতিক জানান, রংপুরের বাস ও মালিকেরা দুইদিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। রংপুর বাস মালিকদের পক্ষ থেকে আমাদেরও রংপুরে বাস না পাঠাতে বলেছেন। এ কারণে দুদিন বাস বন্ধ রাখা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রংপুরে বিএনপি’র সমাবেশে জেলা থেকে নেতাকর্মীরা যাবেন। একারণে সমাবেশ বানচাল করতে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বিএনপি’র যে সকল নেতাকর্মীরা যাওয়ার ঠিকই বিকল্প পথে চলে গেছেন।

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, সমাবেশের নামে বিএনপি জ্বালাও-পোড়াও করে জনগণের শান্তি বিনষ্ট করলে সরকার বসে থাকবে না। যুবলীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন সংগ্রাম আগের মতো হাওয়ায় মিশে যাবে।

রংপুরে বিএনপি’র সমাবেশের আগের দিন থেকে জেলা থেকে কোন বাস রংপুরের উদ্দেশে যাচ্ছে না উল্লেখ করে একরামুল হক বলেন, বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা যেভাবে পরিবহনে জ্বালাও পোড়াও করেছে। এর কারণে সমাবেশে নাশকতার আশঙ্কা থাকায় বাস বন্ধ করে দিয়েছে পরিবহনের নেতাকর্মীরা। এতে সরকারের কোন হস্তক্ষেপ নেই।

 

প্যা.ভ/ত