শিরোনাম
Passenger Voice | ০৪:২৮ পিএম, ২০২২-১০-২৭
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশের রাস্তা সচল থাকায় যানজটের চাপ গত কয়েকদিনের তুলনায় অনেকটা কমেছে। এতে বিমানবন্দর হয়ে ঢাকা-গাজীপুর রোডে চলাচলকারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গভীর রাত থেকে বেলা ৯টা-১০টা পর্যন্ত বিমানবন্দর সড়কে যানজট ছিল বলে জানিয়েছেন উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার বদরুল হাসান। তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু গাজীপুরের মিল গেট ও মুন্নু গেট এলাকায় রাস্তা সরু হওয়ায় রাতে কভার্ড ভ্যান ও বড় বাস চলাচল করার সময় যানজট সৃষ্টি হয়।
তিনি বলেন, বিমানবন্দর সড়কে বিআরটি প্রকল্পের কাজ চলায় রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে। গত দুদিন টানা বৃষ্টির পর দুর্ভোগ পোহাতে হয়। তবে এখন চলাচল স্বাভাবিক হচ্ছে।
গাজীপুর থেকে ছেড়ে আসা প্রভাতী বাসের চালক রমজান আলী বলেন, ঢাকা গাজীপুর রোডে গত দিনের চেয়ে আজ যানজট অনেক কম। তিনি বলেন, গাজীপুর যাওয়ার পথে টঙ্গী স্টেশন থেকে টঙ্গী বিশ্বরোট পর্যন্ত কিছুটা যানজট আছে। আর ঢাকায় প্রবেশের পথে টঙ্গী স্টেশন এলাকায় কিছুটা যানজট পাওয়া গেছে। এছাড়া আব্দুল্লাহপুরের পর থেকে গুলিস্থানে আসার পথে তেমন কোনও যানজট পাইনি।
বিমানবন্দর ট্রাফিক পুলিশ ফাঁড়ির একজন কর্মকর্তা জানান, টঙ্গী ও গাজীপুর চৌরাস্তা দিয়ে গাড়ি পাস না করলে এ সমস্যার শেষ হবে না। কারণ বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চললেও রাস্তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়নি। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবের পর আজ সকালে একটু চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি স্বাভাবিক হয়ে আসে।
গাজীপুর ট্রাফিক পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গাজীপুর নীলমণী এলাকায় সরু রাস্তা থেকে একটি বৈদ্যুতিক খুঁটির সরিয়ে ফেলা হচ্ছে। এটা সরানো হলে রাস্তার প্রশস্ত হবে এবং গাড়ি চলাচলে স্বস্তি আসবে।
সুত্র: বাংলা ট্রিবিউন
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত