শিরোনাম
Passenger Voice | ১১:০৬ এএম, ২০২২-১০-২৬
নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হলে সকলকেই এগিয়ে আসতে হবে। আইনের যথাযথ প্রয়োগের জন্য প্রয়োজন বিধিমালার দ্রুত জারি ও বাস্তবায়ন। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কর্যালয়ের মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২’ ও ‘ওয়ার্ল্ড ডে অফ রিমেম্বারেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস-২০২২’ উদযাপন উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যেগে মাসব্যাপী ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম।
আমিন উল্লাহ নুরী বলেন, ‘সড়কে সরকারি নির্দেশনা মেনে চললে দুর্ঘটনা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আমরা সড়কে আর দুর্ঘটনা দেখতে চাই না। সড়ক হোক নিরাপদ। এমন কোনো দিন নেই, এমন কোনো সময় নেই যে আমাদের দেশের সড়ক ও মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা ঘটছে না। ’
ঢাকা আহ্ছানিয়া মিশনের মাসব্যাপী কার্যক্রমে যেকোনো সহযোগিতায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পাশে থাকবে বলে আশ্বাস দেয়। অন্যদিকে বিশেষ অতিথি ড. শরিফুল আলম সড়ক পরিবহন আইনের বিধিমালা দ্রুত জারি ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থার নিকট আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান এ প্রকল্পের বিস্তারিত আলোচনায় বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সড়ক দুর্ঘটনার হার ও মৃত্যু বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। যার মধ্যে অন্যতম হলো বিধিমালার দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত